শনিবার যুবভারতীতে ব্রাজ়িলের বিরুদ্ধে খেলেছে ভারত। সেই ম্যাচ দেখতে হাজির ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ। শুভেন্দু জানিয়েছিলেন, মেসিকে দেখতে টিকিট কেটেও যাঁরা দেখতে পাননি, তাঁদের ভারত-উরুগুয়ে ম্যাচের টিকিট বিনামূল্যে দেওয়া হবে।
রবিবার এক্স মাধ্যমে ইন্দ্রনীল জানিয়ে দিয়েছেন, কবে, কোথায় দেওয়া হবে সেই টিকিট। রাজ্যের ক্রীড়ামন্ত্রী লেখেন, “মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কথামতো ৬ অক্টোবর যুবভারতীতে ভারত-উরুগুয়ে ম্যাচের টিকিট বিনামূল্যে দেওয়া হবে। যাঁরা গত বছর ১৩ ডিসেম্বর লিয়োনেল মেসির গোট ট্যুর দেখতে যুবভারতীতে যাঁরা টিকিট কেটে গিয়েছিলেন, তাঁদেরই এই টিকিট দেওয়া হবে। ৫ অক্টোবর, ১১টা থেকে ৫টা পর্যন্ত দেওয়া হবে সেই টিকিট। তার জন্য সরকারি পরিচয়পত্র ও মেসি ম্যাচের টিকিটের প্রমাণ দেখাতে হবে।”
কোথায় কোথায় টিকিট দেওয়া হবে তা-ও জানিয়েছেন ক্রীড়ামন্ত্রী। রাজা মণীন্দ্র রোডের মোহিত মৈত্র মঞ্চ, আজাদ হিন্দ বাগের মিলন মঞ্জরী কমিউনিটি হল, জেমস লং সরণীর অভয়ান কমিউনিটি হল, বিবেকানন্দ পার্কের উদ্যাপন কমিউনিটি হল, এজেসি বোস রোডের শুভনন্দন কমিউনিটি হল, যুবভারতী ক্রীড়াঙ্গন, বিধাননগর মিউনিসিপ্যালিটি স্পোর্টস কমপ্লেক্স ও রাজারহাট গোপালপুল সুইমিং পুল থেকে টিকিট নিতে পারবেন দর্শকেরা।
কত জনকে টিকিট দেওয়া হবে তা অবশ্য জানা যায়নি। তবে খবর, অনলাইনে যে ২২ হাজার দর্শক টিকিট কেটেছিলেন, তাঁরাই ভারত-উরুগুয়ে ম্যাচের টিকিট বিনামূল্যে পাবেন।
ভারত-উরুগুয়ে ম্যাচের দু’টি ব্লকের টিকিট বিক্রিও শুরু হয়েছে। সি২ ব্লকের বাঁ দিক ও ডান দিকের আসনের টিকিট বিক্রি শুরু হয়েছে। টিকিটের মূল্য ১৯৯ টাকা। অর্থাৎ, ব্রাজ়িল ম্যাচের তুলনায় অনেক কম দামে পাওয়া যাবে উরুগুয়ে ম্যাচের টিকিট।
