খেলা শেষে ম্যাচের সেরা হোপ জানিয়েছেন, ধোনির পরামর্শ তাঁদের খেলার ধরন বদলে দিয়েছে। হোপ বলেন, “ধোনির সঙ্গে আমার কথা হয়েছে। ওঁর কাছে অনেক কিছু শেখার আছে। আপনি যা ভাবতে পারবেন না, সেই পরামর্শ আপনাকে ধোনি দেবেন।”
ঠিক কী পরামর্শ হোপকে দিয়েছিলেন ধোনি? তা-ও খোলসা করেছেন ওয়েস্ট ইন্ডিজ়ের অধিনায়ক। তিনি বলেন, “ধোনি বলেছিলেন, ফলাফলের দিকে না তাকাতে। শুধু নিজের কাজটা করে যেতে। ম্যাচকে পারলে ছোট ছোট সেশনে ভেঙে নিতে। তার পর একটা করে সেশন ধরে এগোতে। সেটাই করেছি। শেষ দিকে হাত খুলেছি।”
হোপের খেলা দেখে পরিষ্কার, তিনি পরিস্থিতি বুঝে খেলেছেন। প্রথম ৫০ করতে নিয়েছেন ৪৬ বল। শতরান করেছেন ১০৪ বলে। অর্থাৎ, একটু সময় নিয়েছেন। সেই সময় পর পর উইকেট পড়ায় একটু মন্থর খেলতে হয়েছে তাঁকে। পরের ৬২ রান করতে নিয়েছেন ৩৯ বল। অর্থাৎ, আবার আগ্রাসী ব্যাটিং করেছেন। আর সে সব যে ধোনির পরামর্শেই, তা খেলা শেষে জানিয়ে দিলেন হোপ।
