Cricket

এক বছর পর বিশ্বকাপ, দল নিয়ে আর পরীক্ষায় রাজি নন শুভমন, সেরা একাদশকে একসঙ্গে চান, অধিনায়কের উদ্বেগ জোরে বোলিং

শুভমন গিল। — ফাইল চিত্র।
শুভমন গিল। — ফাইল চিত্র।
আগামী বছরের এক দিনের বিশ্বকাপের দল এখন থেকেই ঠিক করে নিতে চাইছে ভারত। নতুন করে পরীক্ষা-নিরীক্ষার পথে হাঁটতে চাইছেন না শুভমন গিল। ভারতীয় দলের অধিনায়ক চান, সম্ভাব্য সকলকে বিশ্বকাপের জন্য তৈরি রাখতে। চোট এবং ব্যস্ত সূচি নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।

ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে তৃতীয় এক দিনের ম্যাচের পর শুভমন বলেছেন, ‘‘চোট-আঘাত আমাদের ভুগিয়েই চলেছে। সঙ্গে ঠাসা সূচি। দুটোই দুর্ভাগ্যজনক। আমরা একসঙ্গে সেরা একাদশকে মাঠেই নামাতে পারছি না। বিশেষ করে সেরা বোলারদের একসঙ্গে পাওয়া যাচ্ছে না। অথচ এখনই নিজেদের দক্ষতা মেলে ধরার সেরা সময়।’’

তা হলে কি আপনারা আরও পরীক্ষা-নিরীক্ষা করবেন? সেই সম্ভাবনা উড়িয়ে দিয়ে শুভমন বলেছেন, ‘‘সত্যি বলতে আমি আর পরীক্ষা-নিরীক্ষার পক্ষে নই। আমাদের হাতে সেই সময় নেই। আমরা যে ১১ জনকে নিয়ে মাঠে নামতে চাই, তাদের সকলকে আগামী সিরিজ়ে পাব বলে আশা করছি। যে দল নিয়ে বিশ্বকাপ খেলার কথা ভাবছি, সেই দল নিয়ে এখন থেকেই খেলা শুরু করতে চাই।’’

জসপ্রীত বুমরাহ, মহম্মদ শামি, প্রসিদ্ধ কৃষ্ণকে ধরেই জোরে বোলিং আক্রমণের পরিকল্পনা করা হচ্ছে। তবে সকলকে একসঙ্গে পাওয়া যাচ্ছে না। তরুণ বোলারদের উপর যে খুব বেশি ভরসা করতে পারছেন না, তা বুঝিয়ে দিয়েছেন শুভমন। গত দু’টি বিশ্বকাপে মহম্মদ শামি, ভুবনেশ্বর কুমার ছিলেন। তাঁরা এখন ভারতীয় দলের পরিকল্পনায় নেই। যদিও দলের বোলিং নিয়ে চিন্তিত অধিনায়ক।

শুভমন বলেছেন, ‘‘পাওয়ার প্লে এবং শেষ দিকে ওভারগুলোয় আমাদের বোলিং ভাল হচ্ছে না। চাপ তৈরি হচ্ছে। পাওয়ার প্লেতে ভাল শুরু করতে না পারলে মাঝের ওভারগুলোয় উইকেট পাওয়া কঠিন হয়। ৩০ গজের বাইরে চার জন ফিল্ডার থাকলে সুযোগ তৈরি করা কঠিন হয়। আবার পাওয়ার প্লে বা মাঝের ওভারগুলোয় উইকেট নিতে না পারলে, ম্যাচের নিয়ন্ত্রণ রাখা কঠিন হয়। আমরা পারিনি বলেই ওয়েস্ট ইন্ডিজ় আমাদের বিরুদ্ধে এত রান করেছে। আমরা শুরুতে ২ উইকেট হারানোর পরও ৩৫০-এর বেশি রান করেছি। মাঝের ওভারগুলোয় উইকেট না পড়াতেই এটা হয়েছে।’’

ব্যাটিং অর্ডারের আট নম্বর জায়গায় ভারত কিছুটা দুর্বল। অনশুল কম্বোজ না আকিব নবি, কার কথা ভাবছেন? শুভমন বলেছেন, ‘‘অনশুল এবং আকিব দু’জনেই আমাদের ভাবনায় রয়েছে। অনশুল আট নম্বরে ব্যাট করতে পারে। এই জায়গাটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। এখনই বলা সম্ভব নয় বিশ্বকাপের সময় কে বেশি কার্যকর হবে। আপনি যদি এমন কাউকে চান, যে বল এবং আট নম্বরে ব্যাট করতে পারবে, তা হলে অনশুলের কথা ভাবা যেতে পারে। আকিবের ব্যাটের হাতও খারাপ নয়। তাই ওর কথাও ভাবা যায়। আমরা দেখতে চাই চাপের সময় কে ভাল পারফর্ম করতে পারে। সেই মতো সিদ্ধান্ত নিতে হবে।’’

কিন্তু দু’জনেই তো বল হাতে প্রচুর রান দিচ্ছেন? ভারতীয় শিবিরের নতুন দুই সদস্যকে কিছুটা সময় দিতে চান শুভমন। ভারত অধিনায়ক বলেছেন, ‘‘ওরা আরও ভাল খেলতে পারে। সবে শুরু করেছে। হয়তো প্রত্যাশা মতো পারফর্ম করতে পারেনি। তবে দু’জনেরই দক্ষতার উপর আমাদের আস্থা রয়েছে। দলে এলাম আর দারুণ বল করলাম, এটা এতটাও সহজ নয়। আশা করব, ওরা নিজেদের ভুলগুলো থেকে শিখবে এবং আগামী দিনের সুযোগগুলো কাজে লাগাবে।’’

শুভমন বুঝিয়ে দিয়েছেন, তাঁর উদ্বেগের জায়গা মূলত জোরে বোলিং। কারণ দক্ষিণ আফ্রিকার মাটিতে জোরে বোলারদের ভূমিকা গুরুত্বপূর্ণ হবে। হর্ষিত রানা, হার্দিক পাণ্ড্য, বুমরাহদের ঘন ঘন চোট চাপ বাড়চ্ছে অধিনায়কের উপর।