Cricket

ফিরছে না চ্যাম্পিয়ন্স লিগ! ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের বিরোধিতায় প্রতিযোগিতা ফেরানোর ভাবনা বাতিল আইসিসি-র

চেন্নাইয়ের চ্যাম্পিয়ন্স লিগ জয়ের মুহূর্ত। — ফাইল চিত্র।
চেন্নাইয়ের চ্যাম্পিয়ন্স লিগ জয়ের মুহূর্ত। — ফাইল চিত্র।
এক সময় ক্রিকেটে চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টি প্রতিযোগিতা জনপ্রিয় ছিল। বিভিন্ন দেশের ঘরোয়া টি-টোয়েন্টি দলগুলি একে অপরের বিরুদ্ধে খেলত। সেই প্রতিযোগিতা ফেরানোর ভাবনাচিন্তা করেছিল আইসিসি। কিন্তু ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের বিরোধিতায় তা বাতিল করতে বাধ্য হয়েছে তারা। ফলে ২০৩১ পর্যন্ত আইসিসি-র আয়োজিত প্রতিযোগিতার সূচিতে কোনও বদল হচ্ছে না।


২০০৯-২০১৪ পর্যন্ত এই প্রতিযোগিতা আয়োজন করা হয়েছিল। আইপিএল, বিগ ব্যাশ লিগ, পাকিস্তান সুপার লিগ-সহ আরও কিছু দেশের লিগের দলগুলি একে অপরের বিরুদ্ধে খেলত। এখন ঘরোয়া টি-টোয়েন্টি লিগের সংখ্যা আরও বেড়েছে। ফলে আরও অনেক দলকে নিয়ে প্রতিযোগিতা আয়োজন করার ভাবনা ছিল আইসিসি-র।

আসলে কোনও দেশের ঘরোয়া লিগ থেকেই আইসিসি-র আয় নেই। তাই ক্লাব দলগুলিকে নিয়ে নতুন প্রতিযোগিতা আয়োজন করতে চাইছিল তারা। অনেকটা ফিফা আয়োজিত ক্লাব বিশ্বকাপের মতো। কিন্তু ক্রিকেটবিশ্বের তিন প্রধান দেশই এর বিরোধিতা করেছে। তাদের দাবি, এই মুহূর্তে অতিরিক্ত প্রতিযোগিতা খেলার কোনও সময় নেই। তাই আইসিসি-কে ভাবনা বাতিল করতে হয়েছে।


ফলে পরের চার বছরের ফিউচার ট্যুরস প্রোগ্রামে (এফটিপি) বিরাট কোনও বদল হওয়ার সম্ভাবনা নেই। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণকারী দলের সংখ্যা বা ম্যাচের সংখ্যা বাড়তে পারে। এ ছাড়া দুই ফরম্যাটের বিশ্বকাপ এবং চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন ছাড়া আর কোনও প্রতিযোগিতা আয়োজন করবে না আইসিসি।