ফর্মে না থাকা বিশ্বজয়ী অধিনায়ককে টি-টোয়েন্টি দল থেকে ছেঁটে ফেলতে দু’বার ভাবেননি অজিত আগরকরেরা। তার পর আর দলেই নেওয়া হয়নি তাঁকে। গত আইপিএলেও সূর্যকে চেনা ফর্মে পাওয়া যায়নি। এ বার সূর্য সম্ভবত টেস্ট ক্রিকেটকে মূল লক্ষ্য করতে চাইছেন। মুম্বইয়ের নির্বাচকদের কাছে রঞ্জি ট্রফি খেলার ইচ্ছাপ্রকাশ করেছেন। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের (এমসিএ) এক কর্তা বলেছেন, ‘‘সূর্য জানিয়েছে, আসন্ন রঞ্জি ট্রফিতে ওকে পাওয়া যাবে। এমসিএ সভাপতি অজিঙ্ক নায়েকের সঙ্গে ওর কথা হয়েছে।’’
আগামী ১১ অক্টোবর থেকে ওয়াংখেড়ে স্টেডিয়ামে চণ্ডীগড়ের বিরুদ্ধে মরসুমের প্রথম রঞ্জি ম্যাচ খেলবে মুম্বই। সেই দলে দেখা যেতে পারে সূর্যকে। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে শেষ বার রঞ্জির ম্যাচ খেলেছিলেন ৩৬ বছরের ব্যাটার। সেই ম্যাচ হয়েছিল নাগপুরে বিদর্ভের বিরুদ্ধে। সূর্যকে পেলেও শার্দূর ঠাকুরকে সম্ভবত প্রথম কয়েকটি ম্যাচে পাবে না মুম্বই। তাঁর হাতে চোট রয়েছে। ফলে নিয়মিত অধিনায়ককে ছাড়াই রঞ্জি অভিযান শুরু করতে হবে মুম্বইকে।
এখনও পর্যন্ত ৮৬টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন সূর্য। ৪২.৩৩ গড়ে করেছেন ৫৭৫৮ রান। ১৪টি শতরান এবং ৩০টি অর্ধশতরান রয়েছে তাঁর।
