৯ থেকে ১৩ অক্টোবর শ্রীলঙ্কার বিরুদ্ধে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে পাকিস্তান। তার আগেই অধিনায়কত্বে বদল হবে। শুধু অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া নয়, পাকিস্তানের টি-টোয়েন্টি দল থেকেও বাদ পড়তে পারেন তিনি।
চলতি বছর ভারতকে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতানোর পরেও অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে সূর্যকুমার যাদবকে। নতুন অধিনায়ক হয়েছেন শ্রেয়স আয়ার। ছোট ফরম্যাটে ভারতীয় দল থেকেই বাদ পড়েছেন সূর্য। সেই দশা হতে চলেছে সলমনেরও।
গত বছর এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানকে নেতৃত্ব দিয়েছিলেন সলমন। কিন্তু তাঁর নেতৃত্বে ব্যর্থ পাকিস্তান। তাই সলমনের উপর আর ভরসা নেই বোর্ডের। এর আগে অনেক বার পরিবর্ত অধিনায়ক হিসাবে দায়িত্ব সামলেছেন শাদাব। এ বার টি-টোয়েন্টি দলে তাঁকে পাকাপাকি দায়িত্ব দিতে চাইছেন নকভিরা। সংবাদসংস্থা পিটিআই-কে পাক বোর্ডের এক আধিকারিক বলেছেন, “টি-টোয়েন্টির নতুন অধিনায়ক হওয়ার দৌড়ে সকলের আগে রয়েছে শাদাব। তার পরেই সাহিবজ়াদা ফারহান। শাদাবকে অধিনায়ক করা হলে ফারহানকে সহ-অধিনায়ক করা হবে।” সদ্য সমাপ্ত এশিয়ান গেমসে ফারহানের নেতৃত্বে রুপো জিতেছে পাকিস্তান। ওই আধিকারিক আরও বলেছেন, “শাদাব ও ফারহানকেই নেতৃত্বের জন্য বেছে নিয়েছে মাইক হেসন। সলমন ওর পরিকল্পনাতেই নেই। বাকি কাজ বোর্ডের।”
শ্রীলঙ্কা সিরিজ়ে পাকিস্তান দলেও কিছু নতুন মুখ দেখা যেতে পারে। অভিজ্ঞ পেসার শাহিন শাহ আফ্রিদি ও হ্যারিস রউফ বাদ পড়তে পারেন। ওই আধিকারিক বলেছেন, “সাদা বলের দলে বেশ কিছু নতুন মুখকে জায়গা দেওয়া হবে। সিনিয়রদের সরানো হবে। যেমন শ্রীলঙ্কা সিরিজ়ে শাহিন ও রউফ জায়গা হারাতে পারে।” দেখে বোঝা যাচ্ছে, ছোট ফরম্যাটে বদলের প্রক্রিয়া শুরু করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।
