কোচ হিসাবে প্রথম ইনিংসটা বেশ সফল হয়েছিল। এবার ভারতের মাটিতে নতুন দায়িত্বে সৌরভ গঙ্গোপাধ্যায়। প্রিটোরিয়া ক্যাপিটালসের কোচিং করিয়ে দলকে দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি লিগের ফাইনালে তুলেছিলেন। এবার দিল্লি ক্যাপিটালসের হেডকোচ হলেন প্রিন্স অফ ক্যালকাটা। কেএল রাহুলদের কোচিং করাবেন তিনি।
মঙ্গলবার দিল্লি ক্যাপিটালসের তরফ থেকে ঘোষণা করা হয়, হেডকোচ হিসাবে দলের দায়িত্ব নিচ্ছেন সৌরভ। যদিও আগে থেকেই এই নিয়ে গুঞ্জন ছিল ক্রিকেটমহলে। মেন্টর হিসাবে দিল্লি ক্যাপিটালসে ছিলেন তিনি। এবার হেডকোচ হলেন। এর আগে ভারতের মাটিতে কোচিং করাননি সৌরভ। ক্রিকেট অধিনায়ক, প্রশাসকের পর এবার কোচের ভূমিকায় তাঁকে দেখবে ভারতের ক্রিকেটমহল।
এই মুহূর্তে দিল্লি ফ্র্যাঞ্চাইজির মালিকানা জিএমআর স্পোর্টস ও জেএসডব্লিউ স্পোর্টসের হাতে। প্রতি দু’বছর অন্তর পরিচালনার দায়িত্ব ভাগ করে নেয় তারা। আগামী মরশুমে দায়িত্ব থাকছে জেএসডব্লিউ-র হাতে। ২০২৪ সাল থেকে জেএসডব্লিউ-র ক্রিকেট ডিরেক্টর সৌরভ। সেকারণেই এবার ‘দাদা’র হাতে তুলে দেওয়া হয়েছে কোচিংয়ের গুরুদায়িত্ব। উল্লেখ্য, দিল্লি ক্যাপিটালসের মহিলা দলের সঙ্গেও যুক্ত তিনি। ২০১৯ সালে দিল্লি দলের মেন্টরও ছিলেন তিনি। বিসিসিআই সভাপতি হওয়ার কারণে সেই দায়িত্ব ছাড়েন।
