Cricket

যুবরাজের রেকর্ড ভেঙে দিলেন রাহুল! ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে শতরান করে নজির ভারতীয় ব্যাটারের

শতরানের পর উল্লাস লোকেশ রাহুলের। ছবি: পিটিআই।
শতরানের পর উল্লাস লোকেশ রাহুলের। ছবি: পিটিআই।
নিউ চণ্ডীগড়ে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে শতরান করেছেন লোকেশ রাহুল। তাঁর ৮৭ বলে অপরাজিত ১২৯ রানের ইনিংস ভারতকে ৩৫১ রানে নিয়ে গিয়েছে। এই ইনিংসের পর রেকর্ড গড়েছেন রাহুল। তিনি ছাপিয়ে গিয়েছেন যুবরাজ সিংহকে।

ভারতীয় ব্যাটারদের মধ্যে এক দিনের ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে পাঁচ নম্বরে নেমে এক ইনিংসে সবচেয়ে বেশি রান করেছেন রাহুল। ১০ চার ও দুই ছক্কার সাহায্যে তাঁর ১২৯ রান ভারতের পাঁচ নম্বরে নামা ব্যাটারদের মধ্যে সর্বাধিক।

এত দিন এই রেকর্ড ছিল যুবরাজের দখলে। ২০০৫ সালে কলম্বোয় ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে ১১০ রান করেছিলেন তিনি। সেই রেকর্ড ভেঙেছেন রাহুল। তিন নম্বরে মহেন্দ্র সিংহ ধোনি। ২০০৯ সালে কিংসটনে ৯৫ রানের ইনিংস খেলেছিলেন তিনি।

ভারতীয় ব্যাটারদের মধ্যে পাঁচ নম্বরে নেমে শতরানের নিরিখে ধোনিকে ছুঁয়েছেন রাহুল। এটি তাঁর চতুর্থ শতরান। পাঁচ নম্বরে ৩৯ ম্যাচ খেলে চারটি শতরান করেছেন রাহুল। ৯৫ ম্যাচে চারটি শতরান রয়েছে ধোনির। এই তালিকায় শীর্ষে যুবরাজ। ভারতীয় জার্সিতে পাঁচ নম্বরে ৯৯টি ম্যাচ খেলে সাতটি শতরান করেছেন তিনি।

রাহুল যখন ব্যাট করতে নেমেছিলেন তখন ভারতের রান ২৪.৪ ওভারে ৩ উইকেটে ১৪১। সেখান থেকে দলকে টানেন তিনি। নমন ধীর, নীতীশ রেড্ডি, অংশুল কম্বোজদের সঙ্গে জুটি বাঁধেন। সাবধানে খেললেও খারাপ বলে বড় শট মারছিলেন রাহুল। শেষ তিন ওভারে হাত খোলেন তিনি। দলকে বড় রানে নিয়ে যাওয়ার পাশাপাশি গড়েন রেকর্ড।