বিদেশের মাটিতে ভারতীয় পেস আক্রমণের অন্যতম ভরসা জসপ্রীত বুমরা। আর বুমরার অনুপস্থিতিতে বহুবার দলের বোলিংয়ের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন মহম্মদ সিরাজ। কঠিন পরিস্থিতিতে ধারাবাহিকভাবে লড়াই করেছেন তিনি। এমনকি ওয়ার্কলোডের কারণে বিশ্রামের সুযোগও সব সময় পাননি। তা সত্ত্বেও নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে সিরাজকে একাদশে রাখেনি ভারত।
৭০/৫ থেকে ২৪৩/৫, বুমরার পর ব্যর্থ বাকিরা
প্রথম দিনের একটা সময়ে মাত্র ৭০ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল নিউজিল্যান্ড। কিন্তু সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে দিনের শেষে ২৪৩/৫ রান তুলে নেয় তারা। বুমরা তিন উইকেট নিয়ে ভারতকে লড়াইয়ে রাখলেও প্রসিধ কৃষ্ণ ও অংশুল কম্বোজরা প্রত্যাশিত প্রভাব ফেলতে পারেননি। ফলে সিরাজকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। ভারতের পেস আক্রমণে বুমরার পাশে সিরাজ থাকলে পরিস্থিতি অন্য রকম হতে পারত কি না, তা নিয়েই আলোচনা।
‘সিরাজ কখনও ভারতকে হতাশ করেনি’, ক্ষুব্ধ গাভাসকর
সিরাজকে প্রথম টেস্টে না খেলানোর সিদ্ধান্তে রীতিমতো অবাক সুনীল গাভাসকর। তাঁর মতে, ভারতীয় পেসার কখনও দলকে হতাশ করেননি। টেস্টের প্রস্তুতির জন্য শুরু থেকেই সিরাজকে দলের সঙ্গে যোগ দিতে না বলার মধ্যেই তাঁকে খেলানোর সম্ভাবনা নিয়ে সংশয় তৈরি হয়েছিল। যদিও শেষ ওয়ানডেতে সিরাজ খেলায় তাঁর প্রথম টেস্টে সুযোগ পাওয়ার আশা করেছিলেন গাভাসকর।
তিনি বলেন, ‘আমার মনে হয় না, সিরাজ কখনও ভারতকে হতাশ করেছে।’ সিরাজের বোলিংয়েও কোনও সমস্যা দেখছেন না প্রাক্তন ভারতীয় অধিনায়ক। সাম্প্রতিক পারফরম্যান্সের ভিত্তিতে সিরাজ ভালো ছন্দে রয়েছেন বলেই মনে করেন তিনি। গাভাসকরের প্রশ্ন, এমন পরিস্থিতিতে কেন সিরাজকে দলের বাইরে রাখা হল? শুধু গাভাসকর নন, দোদ্দা গণেশের মতো প্রাক্তন ক্রিকেটাররাও ভারতের এই দল নির্বাচন নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন।
দল নির্বাচন নিয়ে ব্যাখ্যা দিলেন কোচ
সিরাজকে বাদ দেওয়ার বিতর্কের মধ্যে ভারতের ব্যাটিং কোচ সীতাংশু কোটাক দল নির্বাচনের ব্যাখ্যা দিয়েছেন। তাঁর দাবি, সিরাজের পারফরম্যান্স নিয়ে কোনও সমস্যা নেই। বরং ওয়েলিংটনের পরিস্থিতি এবং বোলিং আক্রমণের ভারসাম্যের কথা মাথায় রেখেই প্রথম একাদশ বেছে নেওয়া হয়েছে।
কোটাকের বক্তব্য, দলে এমন দু'জন বোলার রয়েছেন, যাঁরা বল সুইং করাতে দক্ষ। পাশাপাশি অন্য দু'জনের সিম বোলিং ও গতি রয়েছে। এই বৈচিত্রের কথা মাথ রেখেই বোলিং কম্বিনেশন তৈরি করা হয়েছে। তবে কোচের এই ব্যাখ্যায় বিশেষজ্ঞদের একাংশ সন্তুষ্ট নন। প্রথম দিনের খেলার পর সিরাজকে বাদ দেওয়ার সিদ্ধান্ত ভারতের বড় ভুল ছিল কি না, সেই বিতর্ক আরও জোরালো হয়েছে।
