টানা তিন ম্যাচে জয় পাওয়ার পর মালয়েশিয়ার বিরুদ্ধে কিছুটা ছন্দহীন দেখিয়েছে ভারতের অনূর্ধ্ব-১৭ দলকে। আক্রমণে তেমন ধার তৈরি করতে পারেনি ব্লু কোল্টস। উল্টে ম্যাচের বেশির ভাগ সময় আক্রমণাত্মক ফুটবল খেলেছে মালয়েশিয়া। বারবার ভারতীয় বক্সে ঢুকে গোলের সুযোগ তৈরি করার চেষ্টা করেছে তারা।
তবে ভারতীয় রক্ষণভাগের দৃঢ়তায় শেষ পর্যন্ত গোলের মুখ খুলতে পারেনি মালয়েশিয়া। দুই দলের লড়াই শেষ হয় ০-০ গোলে। শুক্রবার গ্রুপ 'E'-র শেষ ম্যাচে এক পয়েন্ট পেলেই যোগ্যতা অর্জন নিশ্চিত হয়ে যেত ভারতের। সেই লক্ষ্য পূরণ হওয়ায় চার ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে অপরাজিত থেকেই মূল পর্বে পৌঁছে গেল ভারত।
বাছাই পর্বে গোলের বন্যা, নজির গাংতের
মালয়েশিয়ার বিরুদ্ধে গোল না পেলেও বাছাই পর্বে মেহরাজউদ্দিন ওয়াড়ুর কোচিংয়ে দুর্দান্ত পারফরম্যান্স করেছে ভারত। চার ম্যাচে মোট ২০টি গোল করেছে ব্লু কোল্টস। AFC অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বে এটিই ভারতের সর্বাধিক গোলের নজির।
এই গোল উৎসবের অন্যতম বড় অবদান অধিনায়ক দাল্লালমুয়োন গাংতের। একাই সাতটি গোল করে নজর কেড়েছেন তিনি। আক্রমণভাগের এমন ধার এবং গোটা দলের আত্মবিশ্বাসই মূল পর্বে ভারতের বড় ভরসা হতে পারে।
চার ম্যাচে তিন জয়, এক ড্র
বাছাই পর্বে সিঙ্গাপুরের বিরুদ্ধে ৪-২ গোলে জয় দিয়ে অভিযান শুরু করেছিল ভারত। দ্বিতীয় ম্যাচে গুয়ামকে ১২-০ গোলে উড়িয়ে দেয় তারা। তৃতীয় ম্যাচে বৃষ্টিবিঘ্নিত পরিস্থিতিতে পিছিয়ে পড়েও প্যালেস্তাইনের বিরুদ্ধে ৪-১ গোলে জয় তুলে নেয় ব্লু কোল্টস।
শুক্রবার মালয়েশিয়ার বিরুদ্ধে গোলশূন্য ড্র করলেও আগের তিন ম্যাচের দাপুটে পারফরম্যান্সের সুবাদে যোগ্যতা অর্জন করতে কোনও সমস্যা হয়নি ভারতের। চার ম্যাচে তিন জয় ও একটি ড্র নিয়ে গ্রুপের শীর্ষে শেষ করেছে তারা।
বিশ্বকাপের স্বপ্নের দিকে আরও এক ধাপ
অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ ভারতের তরুণ ফুটবলারদের কাছে শুধু মহাদেশীয় প্রতিযোগিতা নয়, FIFA অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের স্বপ্নপূরণের অন্যতম গুরুত্বপূর্ণ মঞ্চও। ২০২৭ সালে উজবেকিস্তানে অনুষ্ঠিত হতে চলা এশিয়ান কাপের মূল পর্বে ভালো ফল করাই এখন ভারতের লক্ষ্য।
এর আগে ২০০২ ও ২০১৮ সালে অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপের কোয়ার্টার ফাইনালে উঠেছিল ভারত। সেটাই প্রতিযোগিতায় দেশের সেরা পারফরম্যান্স। তবে গত বার সৌদি আরবে অনুষ্ঠিত টুর্নামেন্টে গ্রুপ পর্বের দু'টি ম্যাচে হেরে নকআউট পর্বে জায়গা করে নিতে পারেনি ভারত।
এ বার বাছাই পর্বে দুরন্ত পারফরম্যান্স করে মূল পর্বের টিকিট নিশ্চিত করেছে গাংতে-রা। আক্রমণে ২০ গোল, ধারাবাহিক জয় এবং অপরাজিত থেকে গ্রুপের শীর্ষে শেষ করার আত্মবিশ্বাস নিয়ে এ বার বড় মঞ্চে নিজেদের প্রমাণ করার অপেক্ষায় ভারতের তরুণ ফুটবলাররা।
