Football

ফুটবল মাঠে ফের মর্মান্তিক মৃত্যু! মাথায় বলের আঘাতে প্রাণ গেল ১৮ বছরের আবেলের, ফিরল মিগুয়েলের স্মৃতি

ম্যাচ চলাকালীন মাথায় জোরে বলের আঘাত লেগে গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন আর্জেন্তিনার তরুণ ফুটবলার আবেল নুনেজ়। দু'দিন হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত হার মানলেন তিনি।

স্পেনের ফুটবলার জেসুস দে মিগুয়েল ফুটবল মাঠে।
আবেলের মৃত্যুর ঘটনায় ফের মনে পড়ছে ম্যাচ চলাকালীন প্রয়াত স্প্যানিশ ফুটবলার জেসুস দে মিগুয়েলের মর্মান্তিক পরিণতি।
মাঠেই জ্ঞান হারান ১৮ বছরের ফুটবলার

শুক্রবার আর্জেন্তিনার যুব ফুটবল লিগে এফসি এজ়েইজা ও ডেপোর্তিভো মুনিজ়ের ম্যাচ চলাকালীন ঘটে মর্মান্তিক দুর্ঘটনা। ম্যাচে প্রতিপক্ষের চাপে পড়ে বল ক্লিয়ার করতে গিয়ে জোরে শট নেন ডেপোর্তিভো মুনিজ়ের এক ডিফেন্ডার। কিন্তু বলটি বেশি উঁচুতে না উঠে সোজা গিয়ে লাগে আবেল নুনেজ়ের মাথায়। মাত্র চার-পাঁচ মিটার দূর থেকে আসা বলের আঘাতে সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন ১৮ বছরের ফুটবলার। মুহূর্তের মধ্যে জ্ঞান হারান তিনি।


কীভাবে ঘটল দুর্ঘটনা?

ঘটনাটি সামনে থেকে দেখেছিলেন যুব ফুটবলের সঙ্গে দীর্ঘদিন যুক্ত ক্রীড়া সাংবাদিক ক্রিস্তিয়ান রোমপানি। তাঁর বক্তব্য, ম্যাচের পরিস্থিতি খুব একটা উত্তপ্ত ছিল না। তবে বল ক্লিয়ার করার সময় ডেপোর্তিভো মুনিজ়ের ডিফেন্ডার অত্যন্ত জোরে শট নিয়েছিলেন

রোমপানি বলেন, “মুনিজ়ের এক ডিফেন্ডার চাপে পড়ে বলটা ক্লিয়ার করেছিল। ওর কাছে আর কোনও উপায় ছিল না। কিন্তু অস্বাভাবিক জোরে বলটা মারে। যুব ফুটবলের সঙ্গে প্রায় ৩০ বছর ধরে যুক্ত রয়েছি। এত জোরে কাউকে বল মারতে আগে কখনও দেখিনি।”

বলটি আবেলের মাথায় লাগার পরই তিনি জ্ঞান হারান। রোমপানির কথায়, “বলটা একটুও উঁচুতে ওঠেনি। মাত্র চার-পাঁচ মিটার দূর থেকে এসে আবেলের মাথায় লাগে। দৃশ্যটা দেখে মনে হচ্ছিল, বক্সিংয়ে কেউ নকআউট হয়েছে। ছেলেটা সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে যায়। ওর কোনও সাড় ছিল না।”


অস্ত্রোপচার করেও বাঁচানো গেল না

দুর্ঘটনার পর দ্রুত মাঠে ছুটে আসেন চিকিৎসকরা। মাঠেই আবেলের শারীরিক অবস্থা পরীক্ষা করা হয়। তাঁর শ্বাস-প্রশ্বাসও স্বাভাবিক ছিল না বলে জানা যায়। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার পর পরীক্ষায় ধরা পড়ে, মাথার খুলিতে চিড় ধরেছে এবং মস্তিষ্কের ভিতরে রক্তক্ষরণ হয়েছে। পরিস্থিতি অত্যন্ত গুরুতর হওয়ায় জরুরি অস্ত্রোপচার করা হয়। কিন্তু চিকিৎসকদের সমস্ত চেষ্টা ব্যর্থ হয়। দুর্ঘটনার দু'দিন পর, রবিবার মৃত্যু হয় আবেলের।


চিকিৎসার জন্য আবেদন, শেষ পর্যন্ত শোকবার্তা দুই ক্লাবের

আবেলের চিকিৎসা চলাকালীন এফসি এজ়েইজ়ার তরফে সকলের কাছে সাহায্য ও প্রার্থনার আবেদন জানানো হয়েছিল। ফুটবলার, তাঁদের পরিবার, কোচ ও সমর্থকদের একজোট হয়ে আবেলের পাশে দাঁড়ানোর অনুরোধ করেছিল ক্লাব। তাঁর দ্রুত সুস্থতার জন্য ইতিবাচক শক্তি ও সাহস জোগাতে চেয়েছিলেন সকলে। কিন্তু শেষ পর্যন্ত এল দুঃসংবাদ।

আবেলের মৃত্যুর খবর নিশ্চিত হওয়ার পর তাঁর ১০ নম্বর জার্সি পরা ছবি প্রকাশ করে এফসি এজ়েইজা। ক্লাবের বিবৃতিতে লেখা হয়, “একটি ক্লাব হিসেবে আমাদের জীবনের সবচেয়ে কঠিন খবর আজ সকলকে জানাতে হচ্ছে। গভীর যন্ত্রণা ও অপরিসীম দুঃখের সঙ্গে আমরা এমন এক তরুণকে বিদায় জানাচ্ছি, যার সামনে গোটা জীবন পড়ে ছিল। ওর চলে যাওয়ায় যে শূন্যতা তৈরি হলো, তা কোনও ভাষায় প্রকাশ করা সম্ভব নয়।”

ক্লাব আরও জানায়, “আজ ফুটবল আমাদের কাছে অনেক পিছনে চলে গিয়েছে। আমরা এক সতীর্থকে হারানোর যন্ত্রণায় ডুবে রয়েছি। এমন এক তরুণকে হারালাম, যার চোখে অনেক স্বপ্ন ছিল, অনেক কিছু করার ইচ্ছা ছিল। ও আমাদের পরিবারেরই একজন ছিল।”

আবেলের পরিবার, বন্ধু ও সতীর্থদের পাশে থাকার আশ্বাস দিয়েছে এফসি এজ়েইজা। শোকপ্রকাশ করেছে ডেপোর্তিভো মুনিজ়ও। তাদের বিবৃতিতে বলা হয়েছে, “গভীর দুঃখ ও যন্ত্রণা নিয়ে আবেলের পরিবার, বন্ধু এবং এফসি এজ়েইজা ক্লাবের প্রত্যেক সদস্যকে আমাদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি। এই মুহূর্তে বলার মতো কোনও ভাষা আমাদের কাছে নেই।”


কে ছিলেন আবেল নুনেজ়?

২০০৮ সালে জন্ম আবেল নুনেজ়ের। আর্জেন্তিনার বুয়েনস আইরেসের উপকণ্ঠে এজ়েইজা শহরের বাসিন্দা ছিলেন তিনি। ফুটবল ও ফুটসলের সঙ্গে নিয়মিত যুক্ত ছিলেন এই তরুণ। এফসি এজ়েইজ়ার যুব দলের হয়ে খেলতেন। মাত্র ১৮ বছর বয়সেই তাঁর এমন মর্মান্তিক পরিণতি সতীর্থ, ক্লাব সদস্য এবং আর্জেন্তিনার ফুটবল মহলে গভীর শোকের ছায়া নামিয়ে এনেছে।


ফিরে এল জেসুস দে মিগুয়েলের মৃত্যুর স্মৃতি

আবেলের মৃত্যুর ঘটনা ফের মনে করিয়ে দিয়েছে স্পেনের ফুটবলার জেসুস দে মিগুয়েলের মর্মান্তিক পরিণতির কথা। দু'সপ্তাহেরও কম সময় আগে স্পেনের দ্বিতীয় ডিভিশনের ক্লাব তেনেরিফের ৩০ বছর বয়সি এই স্ট্রাইকার ম্যাচ চলাকালীন বিপক্ষ গোলকিপারের সঙ্গে সংঘর্ষে গুরুতর আহত হন। পরে হাসপাতালে মৃত্যু হয় তাঁর।

সেই ঘটনায় জড়িত এফসি আন্দোরার গোলকিপার জেসুস ওয়োনো লালকার্ড দেখেছিলেন। পরে তাঁকে ১২ ম্যাচের জন্য নির্বাসিত করা হয়। পাশাপাশি তাঁর বিরুদ্ধে পুলিশি তদন্তও চলছে। পরপর দুই ফুটবলারের মৃত্যুতে মাঠে খেলোয়াড়দের নিরাপত্তা ও এমন দুর্ঘটনা এড়ানোর বিষয়টি ফের আলোচনায় উঠে এসেছে।