আন্তর্জাতিক শুটিংয়ের মঞ্চে আরও এক গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ভারতের তারকা শুটার মনু ভাকের। আন্তর্জাতিক শুটিং স্পোর্ট ফেডারেশনের (আইএসএসএফ) অ্যাথলিটস কমিটির ২০২৬-২০৩০ মেয়াদের সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন জোড়া অলিম্পিক্স পদকজয়ী এই ভারতীয় শুটার।
শুটিং বিভাগের প্রতিনিধিত্বকারী দু’টি নির্বাচিত পদের জন্য মোট ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তাঁদের মধ্যে থেকেই নির্বাচিত হয়েছেন মনু। চলতি মাসের শুরুতে মনোনয়ন জমা দেওয়ার সময় শুটিংয়ের উন্নতি এবং বিশ্বজুড়ে খেলোয়াড়দের জন্য আরও সহায়ক ও স্থায়ী পরিবেশ তৈরির পরিকল্পনার কথা জানিয়েছিলেন তিনি।
শুটারদের স্বার্থরক্ষায় মনুর পরিকল্পনা:
অ্যাথলিটস কমিটিতে নির্বাচিত হওয়ার আগে নিজের পরিকল্পনার কথা তুলে ধরেছিলেন মনু। তাঁর লক্ষ্য, শুটারদের মতামত ও প্রয়োজনকে আরও গুরুত্ব দেওয়া এবং খেলাটিকে ভবিষ্যতের জন্য আরও শক্তিশালী করে তোলা।
তাঁর অগ্রাধিকারের তালিকায় রয়েছে পুরুষদের ২৫ মিটার র্যাপিড ফায়ার পিস্তল ইভেন্টকে অলিম্পিক্সের সূচিতে ধরে রাখা। শুধু তা-ই নয়, দীর্ঘমেয়াদে এই ইভেন্টের ভবিষ্যৎ সুরক্ষিত করার পক্ষেও সওয়াল করতে চান তিনি। পাশাপাশি আইএসএসএফ বিশ্বকাপের প্রতিযোগিতাগুলিতে পুরস্কারমূল্য বাড়ানোর দাবিও জানাবেন মনু।
আগেও গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন অভিনব বিন্দ্রা:
এর আগে ভারতীয় শুটিংয়ের আর এক কিংবদন্তি অভিনব বিন্দ্রা আইএসএসএফের অ্যাথলিটস কমিটিতে দায়িত্ব সামলেছেন। ২০১০ থেকে ২০২০ সাল পর্যন্ত ওই কমিটির সদস্য ছিলেন তিনি। ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত কমিটির চেয়ারম্যানের দায়িত্বও পালন করেন বিন্দ্রা। প্রথম ভারতীয় হিসেবে এই পদে বসেছিলেন তিনি।
শুটিংয়ে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে পরে বিন্দ্রাকে আইএসএসএফ ব্লু ক্রস সম্মানে ভূষিত করা হয়।
মনুর এই নির্বাচন আন্তর্জাতিক শুটিং প্রশাসনে ভারতীয় প্রতিনিধিত্বকে আরও শক্তিশালী করবে। খেলোয়াড়দের স্বার্থ ও শুটিংয়ের ভবিষ্যৎ নিয়ে তাঁর পরিকল্পনা আগামী চার বছরে কতটা বাস্তবায়িত হয়, এখন সেটাই দেখার।
